সপ্তাহে কমপক্ষে তিন দিন অফিস করতে হবে অ্যামাজন কর্মীদের

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:৫২  

সপ্তাহে কমপক্ষে তিন দিন অফিসে উপস্থিত হয়ে কাজ করতে কর্মীদের নির্দেশনা দিয়েছে অ্যামাজন। বাকি কর্মদিবসগুলোতে বাড়িতে বসে কাজ করার সুযোগ পাবেন কর্মীরা। বিশ্বের শীর্ষ ই-কমার্স জায়ান্টটির বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, সপ্তাহে অন্তত তিন দিন অফিসে উপস্থিত হয়ে কর্মীদের কাজ করতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অনলাইনভিত্তিক খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান অ্যামাজন।

আগামী মে মাসের শুরু থেকে নতুন এ নিয়ম কার্যকর করা হবে। তবে এখনও অ্যামাজনের বহুসংখ্যক কর্মী বাড়ি থেকে ইন্টারনেটের সাহায্যে অফিস করছেন।

সম্প্রতি এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেন, সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী মে থেকে কর্মীদের সপ্তাহে তিন দিন অফিসে উপস্থিত হয়ে কাজ করতে হবে। এর মাধ্যমে কর্মীদের কাজ করা সহজ হবে।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় অ্যামাজন। তবে এর মধ্যে কর্মীদের অফিসে ফিরিয়ে আনার সিদ্ধান্তে খরচ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি